মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কিশোর হৃদয় হত্যা মামলায় বগাকে ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর একই আদালত ওয়াকিল হোসেন বগাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হৃদয়ও ওই কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। কয়েক দিন আগে দলের কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। এর জের ধরে ঘটনার রাতে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে প্রথমে কান কেটে দেওয়া হয়, পরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা এবং ‘৫জি’ গ্রুপের সদস্য ছিল। তাকে ‘৭জি’ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের অভিযোগ, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ওই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও