রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিকেলে বেরিয়ে রাতে আর ফেরেনি মোজাহের, সকালে ধানের ক্ষেতে লাশ

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের এক ধানের জমি থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে।

পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা ধানের জমিতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, “রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে একটি চায়ের দোকানে যায় মোজাহের। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ ধানের জমিতে পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মোজাহের মৃগী রোগে ভুগছিলেন। এ কারণে তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন।

পুলিশ বলছে, আবেদন যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

এই বিভাগের আরও