চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পণ্যবাহী কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিম উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম ড্রাইভারের ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার প্রেম বাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোরে শিশুটি তার মামার সঙ্গে নানার বাড়ি যাচ্ছিল। পথে সিএনজি অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দৌড়ে এসে কাভার্ডভ্যানটি থামানোর চেষ্টা করলেও চালক দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” নিহত শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

