বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
এনডিটিভির তথ্য অনুযায়ী, জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে যে বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই অভিনেতা মারা গেছেন।
সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
যদি এই তথ্য সত্য হয়—তবে বলিউডের ছয় দশকের সোনালি অধ্যায়ের অবসান ঘটল ধর্মেন্দ্রর মৃত্যুর মধ্য দিয়ে। কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময়ই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আজকের এই খবর আবারও শোকের ছায়া নামিয়েছে ভক্তদের মনে।
ধর্মেন্দ্র শুধু নায়কই নন, ছিলেন বলিউডের রোমান্স, অ্যাকশন ও ভদ্রলোকে ভরা এক যুগের প্রতীক। ষাটের দশক থেকে পরপর সুপারহিট ছবি দিয়ে দর্শকের মনে তিনি তৈরি করেন স্থায়ী আসন। তিনিই ছিলেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের ‘হ্যান্ডসাম হিরো’। ফিল্মফেয়ার তাদের অফিসিয়াল পেজে ধর্মেন্দ্রের মৃত্যুতে গভীর শোক জানায়।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র সিং দেওল। শৈশব থেকেই সিনেমার প্রতি গভীর টান তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল ভুলা তেরা হাম ভুলে তেরে’ দিয়ে বলিউডে অভিষেক হয়। এরপর বহু কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি অর্জন করেন কিংবদন্তির মর্যাদা।
ব্যক্তিজীবনে দুইবার বিয়ে করেন ধর্মেন্দ্র। প্রথম স্ত্রী প্রকাশ কৌর—এই সংসারে দুই ছেলে সানি ও ববি দেওল এবং দুই মেয়ে বিজেতা ও অজিতা। দ্বিতীয় স্ত্রী বলিউড অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে রয়েছে কন্যা এষা দেওল।
সম্প্রতি করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদেরও মুগ্ধ করেছিলেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’।
ধর্মেন্দ্রের মৃত্যুসংক্রান্ত তথ্যের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন ভক্ত, সহকর্মী ও ভারতীয় চলচ্চিত্র অঙ্গন।

