ভারতের মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হলেও উত্তরপ্রদেশের ঝাঁসির ভোটার তালিকায় নাম উঠে এসেছে বলিউড কিং অমিতাভ বচ্চনের। শুধু তিনিই নন, তালিকায় রয়েছে তার বাবা, কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চনের নামও। এই তথ্য প্রকাশ্যে আসতেই ঝাঁসির কাচিয়ানা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে এসআইআর ভোটার তালিকা প্রক্রিয়া। এর অংশ হিসেবে ঝাঁসির কাচিয়ানা এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়েছেন সংশ্লিষ্ট বিএলওরা। দেখা যায়, ২০০৩ সাল থেকে ওই কেন্দ্রে ভোটার হিসেবে যুক্ত রয়েছেন অমিতাভ বচ্চন ও তার বাবা। ইআরও দপ্তরের তালিকায় ওর্চা গেট এলাকার ৫৪ নম্বর বাড়িকেই তাদের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে।
কিন্তু তদন্তে গিয়ে আরও বড় চমক! ৫৪ নম্বর ঠিকানায় কোনো বাড়িই নেই, বরং সেখানে দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির। ফলে তালিকার তথ্য কীভাবে যুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অমিতাভ বচ্চন প্রতি বছর মুম্বাইয়ের জুহু কেন্দ্রে সপরিবারে ভোট দেন। সেখানে তার ভোটার তালিকাভুক্তি স্বাভাবিক বিষয়। কিন্তু ঝাঁসির কাচিয়ানায় নাম ওঠার ব্যাখ্যা দিতে পারছে না স্থানীয় বিএলওরাও।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা কখনোই বাস্তবে অমিতাভকে ওই এলাকায় দেখেননি। এমনকি তার কোনো আত্মীয়ের নামও সেখানে নেই। ভোটার তালিকায় এমন ‘অদ্ভুত’ তথ্য সামনে আসায় এলাকার মানুষ ক্ষুব্ধ।
এক স্থানীয় বাসিন্দা বলেছেন, “সাধারণ মানুষের নাম ভোটার তালিকায় তুলতে নানাভাবে ঝামেলা পোহাতে হয়। অথচ যারা মহারাষ্ট্রের বাসিন্দা, তাদের নাম এখানে কীভাবে যুক্ত হলো? এটা সরকারি ত্রুটি ছাড়া আর কিছু নয়।”
ঘটনা প্রকাশ্যে আসার পর ঝাঁসিজুড়ে শুরু হয়েছে আলোচনা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে

