সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রশংসা না কৌশল? আলিয়াকে নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষ

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের প্রতিটি কাজ ঘিরেই সাধারণত নেটিজেনদের সমালোচনা তুঙ্গে থাকে। তবে এবার ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল। অনন্যার বিপক্ষে নয়, বরং তার পক্ষ নিয়েই সমালোচনায় মেতেছেন নেটদুনিয়ার একাংশ। আর সেই সমালোচনার লক্ষ্য হয়েছেন আরেক বলিউড তারকা আলিয়া ভাট। নেটিজেনদের কেউ কেউ আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলেও কটাক্ষ করেছেন।

- Advertisement -

এই বিতর্কের সূত্রপাত সম্প্রতি আলিয়া ভাটের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। আদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর’ সিনেমায় ইয়ামি গৌতমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে আলিয়া নিজেকে তাঁর ‘ফ্যান’ বলে উল্লেখ করেন। বিষয়টিকেই সন্দেহের চোখে দেখেছেন নেটিজেনদের একাংশ।

তাদের দাবি, আদিত্য ধরের ভবিষ্যৎ কোনো সিনেমায় কাজ পাওয়ার আশায় আলিয়া ইয়ামি গৌতমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অথচ ‘ধুরন্ধর’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর সিং আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও সিনেমাটি মুক্তির আগে বা পরে আলিয়ার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা দেখা যায়নি।

অনেকে উল্লেখ করেছেন, সিনেমাটি যখন ব্যবসায়িক সাফল্যের পথে এগোচ্ছিল, তখনও আলিয়া নীরব ছিলেন। তবে সিনেমাটি হাজার কোটির ক্লাবে ঢুকতে না পারলেও আলোচনার কেন্দ্রে আসার পর আলিয়ার প্রশংসাসূচক পোস্ট সামনে আসে, যা বিতর্ক আরও উসকে দেয়।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে আখ্যা দেওয়া হয়। সেই পোস্টে লাইক দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও। আর এতেই টিনসেল টাউনে শুরু হয় নতুন বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত এক মাস ধরে আলিয়া ও অনন্যার সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৫ অনুষ্ঠানে অনন্যাকে দেখেও না চেনার ভান করেছিলেন আলিয়া—এমন অভিযোগও রয়েছে। অনেকের ধারণা, সেই ক্ষোভ থেকেই ভাইরাল পোস্টে সমর্থন জানালেন অনন্যা।

সব মিলিয়ে, যেখানে সাধারণত অনন্যা পান্ডেকে ঘিরেই সমালোচনা হয়, সেখানে এবার নেটিজেনদের নিশানায় আলিয়া ভাট—আর অনন্যার পাশেই দাঁড়িয়েছে অনলাইন দুনিয়ার বড় একটি অংশ।

সর্বশেষ

এই বিভাগের আরও