সোমবার, ১০ আগস্ট ২০২৬

অপরাধ দমনে কঠোর বার্তা দিলেন মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সমাজের অপরাধ দমন ও অপরাধীদের গ্রেপ্তারে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারবদ্ধ। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার এই নীতিতে অটল রয়েছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

- Advertisement -

শুক্রবার (৬ মার্চ) চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে মহানগরের ১৫টি থানা ও ৪১টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

মীর হেলাল বলেন, বিপুল জনরায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ক্ষেত্রেই দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।

বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে রাজপথে সংগ্রাম করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন দেশ গড়ার সময়।

প্রধানমন্ত্রীর ঘোষিত স্লোগান—‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে সব ধরনের অপরাধ দমন করে একটি শান্তি ও সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সরকারের মাত্র ১৬ দিনের কার্যক্রমেই দেশের সর্বস্তরের মানুষ সন্তুষ্টি প্রকাশ করছে। আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য নিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীসহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের মানুষের জন্য শান্তি ও নিরাপদ আবাসভূমি গড়ে তোলা সম্ভব হবে।

মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নতুন সরকার রমজানে নিত্যপণ্যের দাম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জন্য সহনীয় রাখতে সক্ষম হয়েছে। অচিরেই জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে পাবে বলেও মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আরইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ বিগত আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও