চট্টগ্রামের মিরসরাই উপজেলা-তে ছাদের রড পেটে ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়ান স্থানীয় হাজী বদরুল আলমের বাড়ির বাসিন্দা মুসলিম উদ্দিনের ছেলে এবং পাশের সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা-র তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ভবনের ছাদে উঠে রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল রায়ান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদের কলামের খোলা রডের ওপর পড়ে যায়। এতে রড তার পেটে ঢুকে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে আনার সময় তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং ইসিজিতে কোনো হার্টবিট পাওয়া যায়নি।
পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

