সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে—কড়া নিরাপত্তায় নির্বাচন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

- Advertisement -

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দুই আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোট স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার।

এই আসনে ১৫০টি ভোটকেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

নিরাপত্তায় সেনাবাহিনীর ২৫০ সদস্য, বিজিবির ৮ প্লাটুন, র‌্যাবের ১০টি টিম, পুলিশের ১ হাজার ৩২৭ সদস্য এবং আনসার ভিডিপির ১ হাজার ৯৯০ সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হলেও একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকা সম্ভব না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করা হয়।

 

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে লড়ছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতের মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান।

এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার ভোট দিচ্ছেন।

নিরাপত্তায় সেনাবাহিনীর ১৪০ সদস্য, বিজিবির ১৬ প্লাটুন, র‌্যাবের ১৪টি টিম, পুলিশের ১ হাজার ১৫৫ সদস্য এবং আনসার ভিডিপির ১ হাজার ৭০৪ সদস্য মোতায়েন রয়েছে।

সামগ্রিকভাবে দুই আসনেই কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও