সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্ত লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবি কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর জানায়, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

