চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) এবং আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)।
আহত জয় (১৮) কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল। দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথে আরও একজন মারা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে রাখেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

