চট্টগ্রামের পটিয়া পৌরসভাকে জনগণের সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি সতর্ক করে বলেছেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগ রেখে বা তাদের স্বার্থে কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩ জুন) দুপুরে পটিয়া পৌরসভা সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ফারহানুর রহমান এবং সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার।
এনামুল হক এনাম বলেন, জনগণের করের টাকায় পরিচালিত পৌরসভা কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার স্থান নয়। নাগরিকদের কল্যাণ, সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নই পৌরসভার প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রভাবমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে ফারহানুর রহমান বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়াই পৌর প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে কাজ চলছে।
সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

