চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে পরিবারের আরও এক শিশু সদস্য।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কন্যারা এলাকার চেনামতি বড়ুয়া পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)।
পুলিশ জানায়, রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ হামলায় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলেও আহত হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, নিহতের স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন। এনি বড়ুয়া সন্তানদের নিয়ে আনোয়ারার বাড়িতে বসবাস করতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে এক নিকটাত্মীয়ের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ।
ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

