সোমবার, ৬ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে নবজাতকের মরদেহবাহী অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা, আহত ৩

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে নবজাতকের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাস এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকের মরদেহ নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। পথে দক্ষিণ বাইপাস এলাকার ইউটার্নে পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহত হন নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন এবং নানি বিউটি বেগম। তাদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাতে সোনাগাজীর একটি হাসপাতালে নবজাতকটির জন্ম হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে নবজাতকটির মৃত্যু হয়। এরপর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল ছিল।

এ অবস্থায় ইউটার্ন এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও