চট্টগ্রামের বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সামাজিক সংগঠন লিডার্স।
শনিবার (১৮ জুলাই) উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪১৮ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করে গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
আয়োজকরা জানান, মানবসেবার অঙ্গীকার নিয়ে লিডার্স তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে অনুন্নত ও পিছিয়ে থাকা জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে গাইনি ও প্রসূতি, শিশু, জেনারেল মেডিসিন, চক্ষু ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। চিকিৎসকদের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
এ সময় বক্তব্য দেন লিডার্সের পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ পারভেজ, রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, হাজি আবু আখতার, ইব্রাহিম চৌধুরী মানিক, মো. এমদাদ মাস্টার, ইব্রাহিম তালুকদার, মোজাহের মেম্বার, মনজুর হোসেন, মাসুদ চৌধুরী এবং আবুল কাসেম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে থাকা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

