রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ফাস্ট চার্জিংয়ে ব্যাটারি নষ্ট হয়—সত্যি নাকি ভুল ধারণা?

লাইফস্টাইল ডেস্ক

ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জিং এখন স্মার্টফোনের অন্যতম জনপ্রিয় ফিচার। অল্প সময়েই ফোনের ব্যাটারি অনেকটা চার্জ হয়ে যাওয়ায় ব্যবহারকারীদের সময় বাঁচে। তবে দ্রুত চার্জিংয়ে দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতি হয় কি না—এ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

- Advertisement -

বিশেষজ্ঞদের মতে, ফাস্ট চার্জিং নিজে থেকে স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জের সময় অতিরিক্ত তাপ উৎপন্ন হলে ব্যাটারির স্বাভাবিক ক্ষয়প্রক্রিয়া কিছুটা দ্রুত হতে পারে।

স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কর্মক্ষমতা হারায়। এর সঙ্গে অতিরিক্ত তাপ যুক্ত হলে ব্যাটারির সক্ষমতা কমে যাওয়ার গতি বাড়তে পারে।

তবে আধুনিক স্মার্টফোনে ব্যাটারি সুরক্ষায় বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ এবং কিছু গেমিং ফোনে ফ্যানের মতো প্রযুক্তি অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং ও উন্নত চার্জিং প্রোটোকল ব্যাটারির ওপর চাপ কমাতে সাহায্য করে।

ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জিং নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে। ফলে স্বাভাবিক ব্যবহারে ফাস্ট চার্জিংয়ের কারণে ফোন বিস্ফোরিত হওয়ার আশঙ্কা খুবই কম। তবে নিম্নমানের চার্জার, নকল কেবল বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে।

ব্যাটারি ভালো রাখতে যা করবেন

ফোনকে অতিরিক্ত গরম হতে দেওয়া যাবে না।
দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রেখে না দেওয়াই ভালো। প্রয়োজন অনুযায়ী ফাস্ট চার্জিং ব্যবহার করা যেতে পারে। সরাসরি রোদে বা গরম গাড়ির ভেতরে ফোন দীর্ঘ সময় রাখা উচিত নয়। সম্ভব হলে ফোনের অনুমোদিত বা মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।

সব মিলিয়ে, ফাস্ট চার্জিং সরাসরি ব্যাটারির জন্য ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত তাপ ও দীর্ঘদিন উচ্চ তাপমাত্রায় থাকলে ব্যাটারির আয়ু কমতে পারে। তাই দ্রুত চার্জিং ব্যবহারের পাশাপাশি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করাই ব্যাটারি ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

সর্বশেষ

এই বিভাগের আরও