মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভাজাপোড়া নয়, চায়ের সঙ্গে থাকুক তেলছাড়া সুজি-সবজি প্যানকেক

লাইফস্টাইল ডেস্ক

বিকেলের এক কাপ গরম চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে অনেকেরই। তবে নিয়মিত ভাজাপোড়া খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই চায়ের আড্ডায় তেলছাড়া স্বাস্থ্যকর নাশতা হিসেবে তৈরি করতে পারেন সুজি-সবজি প্যানকেক।

- Advertisement -

সহজলভ্য উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় এই প্যানকেক। বিকেলের নাশতার পাশাপাশি সকালের খাবার হিসেবেও এটি হতে পারে দারুণ একটি বিকল্প।

উপকরণ

সুজি—১ কাপ

টক দই—আধা কাপ

পেঁয়াজ কুচি—২ টেবিল চামচ

গাজর কুচি—২ টেবিল চামচ

ক্যাপসিকাম কুচি—২ টেবিল চামচ

কাঁচামরিচ কুচি—১টি

ধনেপাতা কুচি—২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া—আধা চা-চামচ

বেকিং সোডা—এক চিমটি

লবণ—স্বাদমতো

পানি—প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে সুজি, টক দই ও পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন, যাতে সুজি ভালোভাবে ফুলে ওঠে।

সুজি ফুলে উঠলে এতে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিন। সঙ্গে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে এক চিমটি বেকিং সোডা দিতে পারেন। এতে প্যানকেক কিছুটা নরম ও ফ্লাফি হবে।

এবার একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন। এতে কোনো তেল না দিয়েই এক বড় চামচ ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিন।

প্যানটি ঢেকে ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। নিচের অংশ সোনালি হয়ে এলে সাবধানে উল্টে দিন। এরপর আরও ২ থেকে ৩ মিনিট সেঁকে নিন।

একইভাবে বাকি ব্যাটার দিয়েও প্যানকেক তৈরি করে নিন।

গরম গরম সুজি-সবজি প্যানকেক টমেটো সস কিংবা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন। এক কাপ গরম চায়ের সঙ্গে তেলছাড়া এই নাশতা বিকেলের আড্ডাকে করে তুলতে পারে আরও জমজমাট।

সর্বশেষ

এই বিভাগের আরও