চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতির সময় মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই টং ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আরও কয়েকজন ব্যক্তি গহিন জঙ্গলের দিকে পালিয়ে যান। পরে পুলিশ মোবারক হোসেনকে আটক করে।
পুলিশের দাবি, মোবারক হোসেনের কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোড়া বা তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত রামদা, একটি কাঠের বাটযুক্ত রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোবারক হোসেন চট্টগ্রামের কথিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার মোবারকসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

