বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

অনলাইন জুয়ার জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা, ২ ঘণ্টার মধ্যে ঘাতক স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ জাবেদকে (৪২) গ্রেফতার করেছে এলিট ফোর্স স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি-৭, চট্টগ্রাম)। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম বন্দর থানাধীন বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ বন্দর থানার আদর্শ পাড়া এলাকার মৃত আব্দুল খবের ছেলে। নিহত স্ত্রীর নাম সানজু বিবি (৩৫)।

এসআরবি সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে অনলাইন জুয়ায় আসক্ত স্বামী জাবেদ জুয়ায় টাকা হেরে যাওয়ার পর স্ত্রী সানজু বিবির সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন। তর্কাতর্কির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাবেদ স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করেন।

সানজু বিবির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘাতক জাবেদ ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরবর্তীতে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই তদন্তে নামে এসআরবি-৭। গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক স্বামী বন্দর পুরাতন মার্কেট এলাকায় আত্মগোপনে আছেন জানতে পেরে বেলা পৌনে ১২টার দিকে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করে।

পরবর্তীতে জাবেদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনে থাকা কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও