চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং অসাধু বাণিজ্যের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত এক বিশেষ তদারকি অভিযানে এসব জরিমানা ও প্রশাসনিক দণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, চমেক হাসপাতাল এলাকার ‘সিএমসি ক্যাফে’-কে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পরিবেশন এবং ফ্রিজের ভেতরে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা তরকারি সংরক্ষণের অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে চমেক হাসপাতালের ‘চতুর্থ শ্রেণী কর্মচারী ক্যান্টিন’-কে দধিতে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া পণ্যমূল্যের তালিকা না রাখা এবং প্রতি ডাবে অতিরিক্ত দাম আদায়ের অপরাধে ‘মেডিকোপ সুপার শপ’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ফার্মেসি ও সার্জিক্যাল দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশি ওষুধ। মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অবৈধ বিদেশি ওষুধ বিক্রির দায়ে ‘স্বপ্না মেডিকেল স্টোর’-কে ৫০ হাজার টাকা এবং ‘জেবিএল সার্জিক্যাল ইউনিট-২’-কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এলাকায় রোগী ও দর্শনার্থীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা সংক্রান্ত কেনাকাটায় প্রতারণা বন্ধে ভোক্তা অধিকারের এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

