সোমবার, ১২ অক্টোবর ২০২৬

খেলাধুলা সুস্থ দেহ ও মন গড়ার হাতিয়ার: কল্পলোকে মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, এ পর্যন্ত ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে, আরও কয়েকটির কাজ চলছে।

- Advertisement -

শনিবার (১০ অক্টোবর) কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্ক সংস্কারকাজের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কল্পলোক মডেল মসজিদ চত্বর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (১ম পর্যায়)।

মেয়র বলেন, শপথ গ্রহণের পর তিনি প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ার অঙ্গীকার করেছিলেন। এর অংশ হিসেবে হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন) ও হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ খেলার উপযোগী করা হয়েছে।

মেয়র জানান, হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলমান। আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাজ শেষ পর্যায়ে। অন্যান্য ওয়ার্ডে নতুন মাঠ গড়তে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।

মেয়র বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, সুস্থ দেহ ও মন গড়ার অন্যতম হাতিয়ার। শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়া সম্ভব বলে তিনি মনে করেন। তাঁর মতে, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ অঙ্গীকার বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন।

কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (১ম পর্যায়) সভাপতি এম. আব্দু শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সংস্কারকাজের উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা।

বক্তারা মাঠ ও পার্ক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, এতে শিশু-কিশোর, তরুণ ও সাধারণ বাসিন্দাদের খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়বে। একই সঙ্গে এসব উন্মুক্ত স্থান সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন তাঁরা।

সর্বশেষ

এই বিভাগের আরও