মানুষের ভোটাধিকার ও সংবিধান রক্ষার দাবিতে আগামী সোমবার ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া।
শনিবার (১০ অক্টোবর) কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
এ বিষয়ে নিজেদের উদ্বেগ জানাতে ইতোমধ্যে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাঁদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার নামে আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বেণুগোপাল।
এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমালোচনা করেন তিনি। বেণুগোপালের দাবি, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রচেষ্টা শেষ পর্যন্ত মোদি ও শাহের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।
প্রধানমন্ত্রী মোদির আচরণে তাঁর পতনের আশঙ্কা স্পষ্ট বলে মন্তব্য করেন কংগ্রেসের এই নেতা। তাঁর অভিযোগ, বিরোধীদের আন্দোলন নিয়ে ভীত সরকার। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত শনিবারের বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে দিল্লিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় মেট্রো স্টেশন বন্ধ, দিল্লির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ এবং প্রায় ৪১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা উল্লেখ করেন বেণুগোপাল।
তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি কেরালায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর কার্যক্রমের ওপরও দলের সতর্ক নজরদারি রয়েছে বলে জানান তিনি।

