চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নয়, এসআরবি-৭, চট্টগ্রাম।
আজ রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বারইয়ারহাট বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছেন।
এ তথ্যের ভিত্তিতে একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক নারীসহ দুজন দুটি কাঁধ ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: আনোয়ারা বেগম (৪৮), তিনি মৃত মোজাফ্ফর আহাম্মদের মেয়ে ও জকির আলমের স্ত্রী ও মোতাহার হোসেন (১৯), জকির আলমের ছেলে। দুজনেই রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং পুরাতন রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা।
পরে তাঁদের কাছে থাকা দুটি কাঁধ ব্যাগ তল্লাশি করে পলিথিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি বান্ডিলে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ফেনী ও চট্টগ্রাম জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
আটক দুজন ও জব্দ মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

