রবিবার, ৮ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের নুরুল উলুম ইদ্রিসিয়া দাখিল মাদরাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) মাদরাসার অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

- Advertisement -

মাদরাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক প্রকাশ ঘটেছিল। তাঁর ভাষ্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের প্রতি জনগণ ও সিপাহিদের সমর্থনের মধ্য দিয়ে ওই সংহতির বহিঃপ্রকাশ ঘটে। এ ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চেতনা পরবর্তী সময়ে বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকেও তিনি সেই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আগামী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় মাদরাসার শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দীন মোহাম্মদ হানিফ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ইব্রাহিম ও আলহাজ মাহবুবুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও