সোমবার, ৯ নভেম্বর ২০২৬

বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না, শেখ হাসিনাকে রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

- Advertisement -

তিনি বলেন, শেখ হাসিনা ভুল করেছেন, কিন্তু তাঁর মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি কোন লজ্জায় পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করছেন? দেশে ফিরে আবার ফ্যাসিবাদ কায়েম করবেন, আর দেশের মানুষ তা বসে বসে দেখবে—এমনটি ভাবলে তিনি ভুল করবেন।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা বিদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সমর্থন বা স্বীকৃতি আদায়ের চেষ্টা করছেন, যাতে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে থাকা দণ্ড কার্যকর না হয়। একসময় তিনি অনেক কথা বলতেন, এখন কেন বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন—এমন প্রশ্নও তোলেন রিজভী।

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছিল। তখন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বলতেন, আদালত ও আইন নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রেও আইন ও আদালত নিজস্ব গতিতে চলবে।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান। কিন্তু তাঁকে সংবর্ধনা জানাবে কে—আবু সাঈদের মা, মুগ্ধের বাবা, নাকি আহনাফের স্বজনেরা? যেসব পরিবারের সন্তানরা গুলিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্বজনেরা কি তাঁকে সংবর্ধনা জানাবেন?

তিনি আরও বলেন, অনেক তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাঁদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেই আত্মত্যাগ ভুলে দেশে ফিরে আবার ফ্যাসিবাদ চালুর সুযোগ নেই।

৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে দেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ, সংবাদপত্র বন্ধ এবং মানুষের কথা বলা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মাত্র চারটি সংবাদপত্র রেখে অন্য সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র। পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা দিতে না চাওয়ায় এ দেশের মানুষ মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ স্বাধীনতার পর ক্ষমতায় আসা ব্যক্তিরাও জনগণের ওপর নির্যাতন চালিয়েছেন। রক্ষীবাহিনীর অত্যাচার ও নিপীড়নের ঘটনাও ছিল ভয়াবহ।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে রিজভী বলেন, ওই দিনের গণজাগরণের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে আসেন। ৩ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭ নভেম্বর তিনি মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলেন এবং দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেন।

জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রিজভী বলেন, আজকের তৈরি পোশাকশিল্পের প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রবাসী শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাঁদের পাঠানো রেমিট্যান্সকে অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি দেশকে চাল রপ্তানির পর্যায়েও নিয়ে গিয়েছিলেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, জিয়াউর রহমান স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন। দেশের স্বার্থ যার সঙ্গে রক্ষা হবে, তার সঙ্গেই বন্ধুত্বের নীতি গ্রহণ করেছিলেন তিনি। চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও