চট্টগ্রামে ইয়াবা মামলায় ট্রাকের চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হচ্ছেন, ট্রাকচালক সৈয়দ নূর ও হেলপার ইমরান সাদেক।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ওমর ফারুক।
পুলিশ জানিয়েছে, আসামিরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পারোয়ানা জারি করা হয়েছে। তাদের দুজনেরই বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের নগরীর কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকায় র্যাব-৭ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ নূর ও ইমরানকে গ্রেফতার করে।
এ ঘটনায় র্যাব-৭ এর উপসহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় তাদের দুইজনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ২৫ এপ্রিল সৈয়দ ও ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

