জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
জাতীয় পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে গণঅধিকার পরিষদের দাবি, জাপার কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে তাদের মিছিলের ওপর হামলা চালিয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, “জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। আবারও হামলার আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

