চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনী জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই সীমাবদ্ধ নয়, বরং প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোকেও অন্তর্ভুক্ত করছে। তিনি আশা প্রকাশ করেন, গভীর নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।
ডা. শাহাদাত আরও বলেন, “জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীর নিরবচ্ছিন্ন পানির সুবিধা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও মাওলানা আলাউদ্দীন ছাবেরী।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

