মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাথরঘাটায় ছয় কুমারীর মাতৃরূপে পূজা

নিউজ ডেস্ক

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ মঙ্গলবার চট্টগ্রামসহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে, মহাঅষ্টমী তিথি শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৬টা ৭ মিনিটে। এর অংশ হিসেবে সকাল ৭টার মধ্যে মহাষ্টমীর বিহিত পূজা এবং সকাল ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ২৮ মিনিট পর্যন্ত পুষ্পাঞ্জলি নিবেদন সম্পন্ন হয়। এরপর মহাষ্টমীর কল্পারম্ভ ও ষষ্ঠ কল্পের পূজা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অষ্টমীর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের পর সকাল ১০টায় শুরু হয় কুমারী পূজা। দুপুর ১টা ২১ মিনিট থেকে ২টা ৯ মিনিটের মধ্যে সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হবে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা।

নগরীর পাথরঘাটার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে প্রতিবছরের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এবারের পূজায় মাতৃভাবের প্রতীক হিসেবে পূজিত হন ছয়জন কুমারী।

তারা হলেন— ৬ষ্ঠ বর্ষীয় রাধেশ্রী দত্ত বৃন্দা (উমা), ১১ বর্ষীয় সুভদ্রা বিশ্বাস প্রতীক্ষা (রুদ্রাণী), ৯ম বর্ষীয় আদ্রিজা বিশ্বাস ও নিভৃত দত্ত (কালসন্দর্ভা), ৮ম বর্ষীয় প্রীত ধর (কুজ্জ্বিকা) এবং ৭ম বর্ষীয় বৃন্দা দাশ (মালিণী)।

শাস্ত্রমতে, উমা নামে কুমারী পূজিত হলে ফললাভ ও শত্রুবিনাশ হয়, মালিণী নামে পূজা করলে ধনৈশ্চয়, কুজ্জ্বিকা নামে পূজায় শত্রু মোহিত হয়, আর কালসন্দর্ভা নামে পূজিত হলে দারিদ্র ও শত্রু বিনাশ ঘটে।

সকাল সাড়ে ১০টায় ফুল, চন্দন, বেলপাতা ও তুলশী দিয়ে শুরু হয় কুমারী পূজা। পূজা পরিচালনা করেন শান্তনেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ।

পরে মন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত সাংবাদিকদের বলেন, “কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়ের প্রতীক হিসেবেই কুমারী পূজা অনুষ্ঠিত হয়।”

এর আগে মা দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। গতকাল রোববার মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ, ষোলো উপাদান পূজা এবং দেবীর চক্ষুদান অনুষ্ঠিত হয়।

এদিকে এবছর চট্টগ্রাম মহানগরীর ১৬ থানায় ব্যক্তিগত ও ঘটপূজাসহ ২৯২টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ১৫ উপজেলায় মোট ২ হাজার ২০২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে প্রতিমা পূজামণ্ডপের সংখ্যা এক হাজার ৫৮৫টি এবং ঘটপূজার সংখ্যা ৬১৭টি।

সর্বশেষ

এই বিভাগের আরও