বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।”
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালসংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তারা এমন একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহির মাধ্যমে জনগণের শক্তিকে প্রতিফলিত করবে। আজ সরকার ও জনগণের মধ্যে কোনো সেতুবন্ধন নেই। ফলে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি।”
পিআর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কেউ চাইলে চাইতেই পারে, এটা তাদের অধিকার। তবে বিএনপির হাতে দেওয়ার কিছু নেই, অন্য দলেরও নেই। জনগণের দাবি জনগণের কাছেই তুলতে হবে, আর আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে তা পাস করতে হবে।”
এ সময় কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপি নেতা জানান, তাদের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। কোন খাতে কত আত্মকর্মসংস্থান হবে, কিভাবে তা বাস্তবায়ন করা হবে—এসব বিষয়ে বিস্তারিত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

