চট্টগ্রাম নগরের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় ছয়জন আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মো. ফয়সাল (৪৭) নামে এক যাত্রী মারা গেছেন।
রোববার (৫ অক্টোবর) ভোরে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফয়সাল ডুরিয়াপাড়া ভাঙ্গারবাড়ি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তার স্ত্রী, ভাই ও ভাইপোসহ পরিবারের আরও কয়েকজন সদস্যও একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ জন বরযাত্রী ছিলেন। তারা পতেঙ্গার নিজাম মার্কেট-সংলগ্ন আলী মিয়ার বাড়ি থেকে আনোয়ারায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন—মো. আরিয়ান (৩), সুশিলা (১৩), সালাহউদ্দিন (৩৫), মনি আকতার (২২), মুনতাসীর উমর (১২), মো. ফারুক (৫৩), শাহজাদী (২১) ও রাণী আকতার (৩১)। তারা সবাই একই পরিবারের সদস্য।
আহত যাত্রী মোহাম্মদ আরমান জানান, টানেলের মাঝপথে অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রিদোয়ানুল হক জানান, আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের পর ফয়সাল মারা যান।
কর্ণফুলী টানেলের নিরাপত্তা ব্যবস্থাপক লে. কমান্ডার ফারুক আহমেদ বলেন, “বাসটির সামনে-পেছনে অন্য কোনো গাড়ি না থাকলেও চালক অতিরিক্ত গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পরপরই আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

