সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘এটা আমার জীবনের শেষ নির্বাচন’—ধানের শীষে ভোট চান মির্জা ফখরুল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বলছে নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলছি, গণভোট যদি হতেই হয়, তা নির্বাচনের দিনেই হতে পারে।

- Advertisement -

গণভোট বা সনদ—এসব জনগণ বোঝে না, এগুলো কিছু উপরতলার লোক আমেরিকা ও অন্য দেশ থেকে এসে চাপিয়ে দিয়েছে। তবে বিএনপি পরিবর্তনের পক্ষে, কিন্তু যেসব পরিবর্তনে একমত নয়, সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচিত সংসদে তর্ক-বিতর্কের মাধ্যমে।

রোববার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আজ দেশে যত সংকট, তা তৈরি করা এবং নাটক। সাধারণ মানুষ এত কিছু বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।”

তিনি বলেন, “গত ১৫ বছরে আমরা কোনো নির্বাচন করতে পারিনি। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট নিয়ে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই।”

গণ–অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আল্লাহর অশেষ রহমতে ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজের কর্মী ও সমর্থকদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। এতে প্রমাণ হয়, জনগণের প্রতি তার কোনো দরদ নেই। কিন্তু আমরা এই দেশের মানুষ—এই মাটিতেই জন্মেছি, এখানেই মরব, দেশ ছেড়ে যাব না।”

কৃষকের দুরবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমানে আলু, করলা, বেগুনসহ সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে কৃষকের সব ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয়, তাই তারা কৃষকের কষ্ট বোঝে না। বিএনপি নির্বাচিত হলে কৃষকের জন্য কৃষি কার্ড ও পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে, যাতে ন্যায্যমূল্যে পাওয়া যাবে প্রয়োজনীয় উপকরণ ও খাদ্যপণ্য।”

নিজের জীবনের সম্ভাব্য শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের মানুষ। বয়স হয়ে গেছে, কত দিন বাঁচব জানি না। এই আসন থেকেই সবসময় নির্বাচন করেছি। কখনো হেরেছি, কখনো জিতেছি, কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। এটা আমার জীবনের শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে শেষবারের মতো আপনাদের সেবা করার সুযোগ দিন।”

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটনসহ স্থানীয় নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও