আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড–এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। ফলে বছরের শেষদিকে আবারও তেলের দাম বাড়তে পারে।
বিটিটিসি জানায়, গত ২৭ জুলাইয়ের সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও ডলারের দর বাড়ায় আমদানিতে খরচ বেড়ে গেছে। নভেম্বরের শুরুতে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের খরচ দাঁড়ায় ১,০৬২ ডলার এবং পাম তেলের ১,০৩৭ ডলার।
সুপারিশে প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য দাঁড়াবে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিনের দাম হবে ১৭৭ টাকা ৮৫ পয়সা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

