রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে, শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার টানিয়ে জাতীয় পতাকা মাথায় বেঁধে লাঠি হাতে অবস্থান নিতে দেখা যায় তাদের।
গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র–জনতা আওয়ামী লীগের এই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। ভবনটি পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করা হয়।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

