মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে পুরো দেশই মাশুল দেবে—সুন্নী জোট

স্টাফ রিপোর্টার

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে বক্তারা বলেছেন—যদি কোনো মহলের অপকৌশল, ষড়যন্ত্র বা সহিংসতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল হয়ে যায়, তবে পুরো দেশকেই এর কঠিন মাশুল দিতে হবে। এতে দেশের পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে পারে।

- Advertisement -

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে বৃহত্তর সুন্নী জোট চট্টগ্রাম জেলার আয়োজনে এক জনসভায় বক্তারা এ সতর্কবার্তা দেন। সভায় জোটের পক্ষ থেকে ১৩ দফা দাবি ঘোষণা করা হয়।

জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।

পীরে তরিকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, গত ১৫ মাসে দেশে মব নির্যাতনে সাধারণ মানুষ নিহত হওয়া, শিক্ষক হেনস্তা, মাজারে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ ভয়াবহ অরাজকতা বেড়েছে।

তিনি অভিযোগ করেন—অনেক স্থানে মসজিদে হামলা, ইমাম-খতিবদের বের করে দেওয়া, কবরস্থানে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকি বিচার বিভাগের সদস্যরাও আজ নিরাপদ নন। জনগণ এসব অন্যায় থেকে মুক্তি চায় বলেও তিনি উল্লেখ করেন।

মাওলানা এম এ মতিন বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের স্বপ্ন আজও অপূর্ণ। দেশে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি; বরং দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন-সন্ত্রাস আরও বেড়েছে। সরকারকে জনগণের প্রত্যাশার আলোকে পদক্ষেপ নিতে হবে।’

মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি বলেন, দেশের লক্ষ লক্ষ তরুণ আজ বেকার হয়ে পড়েছে। দিন দিন বাড়ছে দারিদ্র্য। শুধু গত সোয়া এক বছরে শত শত মিল-কারখানা বন্ধ হয়ে লাখ লাখ মানুষ কর্মহীন হলেও সরকারের দৃষ্টি নেই বলে তিনি অভিযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএসপি চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাবুদ্দিন। সঞ্চালনায় ছিলেন জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মাওলানা আবদুন্নবী আলকাদেরী, বিএসপি জেলা সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ভূইয়া এবং ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সহসভাপতি মঈন উদ্দিন চৌধুরী হালিম।

সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ এবং বিএসপির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক।

সর্বশেষ

এই বিভাগের আরও