নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ মো. সায়েম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নগরের সিনেমা প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. সায়েম নগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি শপিং ব্যাগে বহন করা বিভিন্ন মডেলের মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে ছিল iPhone 14, iPhone 13, iPhone 12, iPhone 14 Pro, Redmi Note 13 এবং Pixel 8 Proসহ বিভিন্ন ব্র্যান্ডের সেট। উদ্ধার হওয়া ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ফোনগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

