সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রধানমন্ত্রীর আশাবাদ, সম্পর্কের নতুন দিগন্ত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

অংশীদারত্বের ভিত্তিতে সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

- Advertisement -

সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’য় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের সরকারপ্রধান।

এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জন-যোগাযোগ এবং জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের আলোচনা বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

তিনি বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়-সাশ্রয়ী করতে উভয় দেশ একমত হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং শ্রমিকদের আর্থিক বোঝা হ্রাস পায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সফররত প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের পারিবারিক বন্ধন ও পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা করেন।

বাংলাদেশি শ্রমিকদের কল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ার কর্মক্ষেত্রে শ্রমিকদের শোষণ, হয়রানি ও অবিচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনিয়ম বন্ধে এবং পুরো শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার কর্মসংস্থানের প্রয়োজনের পাশাপাশি শ্রমিক ও তাদের পরিবারের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

যৌথ সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে ‘পেরদানা পুত্রা’ ভবনে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

সর্বশেষ

এই বিভাগের আরও