শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

দ্রুতই আধুনিক ভূমি কমপ্লেক্স নির্মাণ শুরু হবে: মীর হেলাল

স্টাফ রিপোর্টার

দেশের প্রতিটি ভূমি অফিসকে পর্যায়ক্রমে আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

- Advertisement -

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ‘সেবাকুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত হাটহাজারীতে আধুনিক ভূমি কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। দীর্ঘমেয়াদে জনগণকে উন্নত, সহজ ও জনবান্ধব ভূমিসেবা দেওয়ার উপযোগী করে এসব কমপ্লেক্স গড়ে তোলা হবে।

তিনি বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে স্বস্তির সঙ্গে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই ‘সেবাকুঞ্জ’ চালু করা হয়েছে। এখানে সেবাপ্রার্থীদের বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও পানি পরিশোধনের সুবিধাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন নিয়মিত কাজ করছে উল্লেখ করে মীর হেলাল বলেন, সীমিত জনবল দিয়ে সবকিছু সার্বক্ষণিকভাবে তদারকি করা কঠিন। তাই কোথাও সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিগ্রস্ত করার ঘটনা ঘটলে স্থানীয় জনগণকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

তিনি সাংবাদিকদেরও অবৈধ দখল, অবৈধ স্থাপনা ও বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের তথ্য প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এ ছাড়া হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরে হাটহাজারী উপজেলার সরকারহাটে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও