নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ ও কথিত গুপ্ত দলের বক্তব্য ও আচরণে মিল রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে দলটির সম্পর্কের প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতের মতো এখনো বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
বিএনপিকে অতীতে ‘জঙ্গি রাজনৈতিক দল’ হিসেবে প্রচার করা এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষেরা নিরাপদ থাকবেন না—এমন অভিযোগের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেখিয়েছে, সরকার সতর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতা-কর্মীরা দিনরাত কাজ করে দুর্গাপূজার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছেন বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, গত ১৭ থেকে ১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও এ পরিবেশের প্রশংসা করেছেন বলে তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। লিফলেটটি ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেবে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসাসেবা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের অর্থনৈতিক অর্জন প্রসঙ্গে রিজভী বলেন, সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তাঁর দাবি, অর্থনীতিবিদদের মতে, সরকার প্রবর্তিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমতে পারে। এটিকে তারেক রহমানের সরকারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

