সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

থানা লুটের অস্ত্র এখনো উদ্ধার হয়নি: এ্যানি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ তারিখে যেসব থানা লুট হয়েছে সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এখন পর্যন্ত অস্ত্র গুলো উদ্ধারে কোনো অভিযানও করা হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে। 

- Advertisement -

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার ও গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই। দেশে সংস্কারও হবে নির্বাচনও হবে।

এ প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক এটাই আমাদের আগামী দিনের স্লোগান।

বিগত সময়ে যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করছে। সাধারণ মানুষের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনভাবেই আবারও সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।

শহরের বশির ভিলায় এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ এবং সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও