বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। পাহাড় হোক বা সমতল—সবার অধিকার সংরক্ষণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, “সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। এজন্য দলের সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। পাহাড়ি ও সমতলের উন্নয়নে ৩১ দফা কর্মপরিকল্পনাও বিএনপি প্রণয়ন করেছে।
সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দানবীয় সরকারের নির্যাতনের পর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। এখানে সংখ্যালঘু বলা যাবে না—সবাই সমান নাগরিক, সবার অধিকার সমান।”
তিনি আরও বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। উগ্রবাদকে উসকে দিয়ে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।

