বুধবার, ৮ এপ্রিল ২০২৬

একঘেয়েমি কাটাতে মাছের ব্যতিক্রমী রেসিপি

ভাজা, ভুনা কিংবা ঝোল—এই তিন ধরণের রান্নাতেই মাছের ব্যবহার আমাদের সবচেয়ে বেশি। অথচ মাছ দিয়ে তৈরি করা যায় আরও কত রকম আকর্ষণীয় পদ! প্রতিদিন মাংস আর একই স্বাদের মাছ খেতে খেতে যাদের ভোজনরসিক মন বিরক্ত হয়ে গেছে, তাদের জন্য আজ থাকছে দুটি ভিন্ন স্বাদের রেসিপি।

- Advertisement -

রূপচাঁদা বারবিকিউ

যা লাগবে:
রূপচাঁদা মাছ ২টি, মরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, আদা ও রসুনের রস, তেঁতুলের কাথ ১ কাপ, ফিস সস ¼ কাপ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, হলুদ গুঁড়া ¼ চা চামচ, গোলমরিচ গুঁড়া ½ চা চামচ, আখের গুড় ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

কীভাবে করবেন:
১. মাছ ধুয়ে শরীরে হালকা করে চিরে নিন।
২. মরিচ গুঁড়া, লেবুর রস, আদা-রসুনের রস ও লবণ মেখে মাছ ভেজে রাখুন।
৩. অন্য একটি পাত্রে তেঁতুলের কাথ, ফিস সস, ওয়েস্টার সস, অলিভ অয়েল, হলুদ, গোলমরিচ ও আখের গুড় দিয়ে জ্বাল দিন।
৪. মিশ্রণ ঘন হয়ে এলে ভাজা মাছের ওপর ঢেলে দিন।

পরিবেশন টিপস: গরম ভাত বা নান রুটির সঙ্গে পরিবেশন করলে জমবে ভিন্ন স্বাদের এই পদ।

মাছের কাটলেট

যা লাগবে:
রুই মাছের ফিলে ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ব্রেডক্রাম্ব আধা কাপ, ডিম ১টি ফেটানো, লবণ ও তেল প্রয়োজনমতো।

কীভাবে করবেন:
১. মাছের ফিলে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
২. ফিলেগুলো চটকে নিয়ে কাঁচামরিচ, আদা বাটা, ধনেপাতা, জিরা গুঁড়া, ব্রেডক্রাম্ব, ডিম ও লবণ মিশিয়ে নিন।
৩. পছন্দমতো আকারে কাটলেট বানান।
৪. ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।

পরিবেশন টিপস: কেচাপ, মেয়োনিজ বা টক দইয়ের ডিপ এবং স্যালাডের সঙ্গে দারুণ জমবে এই কাটলেট।

টিপস: মাছের গন্ধ দূর করতে মাখানোর আগে সামান্য লেবুর রস ছিটিয়ে রাখুন।

কাটলেট তৈরির সময় মিশ্রণে সামান্য চিজ দিলে স্বাদ হবে আরও মজাদার।

সর্বশেষ

এই বিভাগের আরও