চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১৩ নম্বর শেডে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে।
বন্দর নিরাপত্তা বিভাগের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন কনটেইনারের সিল ভেঙে আনস্টাফিংয়ের জন্য অপেক্ষমাণ মালামাল চুরি করার চেষ্টা করছিল। এ ঘটনায় নিরাপত্তা বিভাগ দ্রুত হস্তক্ষেপ করে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪)। তার কাছ থেকে ৭টি কাপড়ের রোল এবং চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বন্দর উপসচিব জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ট্রাকটি তার নিজস্ব। তিনি একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করেছিলেন।
ঘটনার পর রুবেলকে উদ্ধার মালামাল ও ট্রাকসহ বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ এবং থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন চুরির ঘটনা রুখতে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

