জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লন্ডনে গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমণের প্রতিবাদ না করলে সরকার ও উপদেষ্টাগণের মধ্যেই তাঁর অপদস্তকরণ এবং হত্যার প্রতি মৌন সম্মতি তৈরি হচ্ছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে।
এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো।”
নাহিদ আরও বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা সাক্ষ্য হিসেবে সামনে আছে এবং যারা মাহফুজ আলমকে অপদস্ত করার জন্য মৌন সম্মতি তৈরি করছে, তারা পরিণামে ভুগবে।
তিনি মন্তব্য করেন, “মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। ফ্যাসিবাদ বিরোধীতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু হচ্ছে, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।
নাহিদ অভিযোগ করেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো দৃঢ় পদক্ষেপ নেনি ও কোনো শক্ত বার্তা দেননি; কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও মন্তব্য করেননি।
তিনি দাবি করেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”
এই মন্তব্যে সরকারের বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পর্যায়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা মন্তব্য থাকলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

