নিরাপদ মিরসরাই মানে শুধু অপরাধমুক্ত মিরসরাই নয় বরং একটি সামাজিকভাবে ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, পরিবেশবান্ধব, মানবিক মিরসরাই।’—এভাবেই নিজের লক্ষ্য ও অঙ্গীকার ব্যক্ত করলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি “নিরাপদ মিরসরাই” গড়ার ১৫ দফা রূপরেখা উপস্থাপন করেন।
রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট
শাহীদুল বলেন, দ্রুত শিল্পায়ন, রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং তরুণ সমাজের বিপথগামিতা মিরসরাইয়ের সম্ভাবনাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। তবে জনসাধারণকে সাথে নিয়ে তিনি সামাজিক সচেতনতা, মানবিক উৎকর্ষতা, পরিবেশ সুরক্ষা, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক কার্যকারিতার মাধ্যমে মিরসরাইকে নিরাপদ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী ঘোষণা
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বিএনপির হয়ে প্রার্থিতা ঘোষণাও দেন।
তিনি বলেন— “বিএনপির মনোনয়নের মানদণ্ড অনুযায়ী আমি যোগ্য। জয়ী হলে একটি নিরাপদ মিরসরাই গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।”
অঙ্গীকার ও কর্মসূচি
শাহীদুল জানান, তার নিরাপদ মিরসরাইয়ের মূল অঙ্গীকারের মধ্যে রয়েছে— তরুণদের কর্মসংস্থান নিশ্চিতকরণ, অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগবান্ধব করা, মাদকমুক্ত সমাজ গঠন, পরিবেশ সংরক্ষণ করে সবুজ মিরসরাই গড়া, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিকে আধুনিকায়ন।
তিনি যোগ করেন, নির্বাচনের বাইরেও তিনি নিয়মিত সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পরিচালনা করছেন। এর মধ্যে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে চলমান।
সংবাদ সম্মেলনে শাহীদুল ইসলাম চৌধুরী মিরসরাইয়ের সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা, পরিবেশ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, দুর্যোগ মোকাবিলা, পর্যটন, সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপদ রাজনীতি বিষয়ক ১৫ দফা রূপরেখা তুলে ধরেন।
এছাড়াও তিনি তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং বিএনপির ১৯ দফা কর্মসূচি নিয়েও আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও জাসাসের স্থানীয় নেতাকর্মীরা।

