সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ঢামেকের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পরিদর্শক ফারুক।
সাবেক মন্ত্রীর মেয়ে হুমায়রা বলেন, “আমার বাবা সকাল সাড়ে আটটার দিকে আইসিইউতে মারা গেছেন।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেফতারের পর থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন কারাগারে ছিলেন।
রাজনৈতিক জীবন
১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।
২০১৯ সালে তিনি প্রথমবার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

