মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যানজটমুক্ত চট্টগ্রামের পথে—মনোরেল প্রকল্পে নতুন অগ্রগতি

স্টাফ রিপোর্টার

নগরের যানজট নিরসনে বহুল প্রত্যাশিত মনোরেল প্রকল্পের ফিল্ডসার্ভে কাজ শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসে চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে দেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের হাবে রূপান্তর করতে হলে যানজট ও পরিবহন সংকট সমাধান জরুরি। এজন্য মনোরেল একটি আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান।”

তিনি আরও জানান, মনোরেল নির্মাণের জন্য ইতোমধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ ফিল্ড সার্ভে শুরুর পর পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষে মূল কাজ শুরু হবে। প্রকল্প বাস্তবায়নে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডাসহ সব সংস্থার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

সর্বশেষ

এই বিভাগের আরও