বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “পূর্ণিমার পূর্ণ চাঁদের মতোই আজকের এই প্রবারণা পূর্ণিমার উৎসব চট্টগ্রামের ইতিহাসে বিরল। এটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের অনুষ্ঠান নয়, বরং সবার জন্য এক আনন্দঘন উৎসব।”
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নগরের বৌদ্ধ মন্দির চত্বরে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু আরও বলেন, “আজকের এ উৎসব প্রমাণ করে আমরা সবাই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশি। জাতীয়তা ও ঐক্যের মাধ্যমে দেশ গঠনের পথে এটি বড় অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমার লক্ষ্য এ শহরকে ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তোলা। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামশুল আলম।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, প্রবারণা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, প্রধান সমন্বয়কারী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির নির্বাহী সদস্য অসীম বড়ুয়া প্রমুখ।
রঙিন ফানুসে আলোকিত হয়ে ওঠা নগরের আকাশ প্রবারণা পূর্ণিমার উৎসবকে আরও মহিমান্বিত করে তোলে।

