খুলনা জেলার কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে শনিবার (১১ অক্টোবর) ঐতিহাসিক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, “কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, চোর, ডাকাত ও চাঁদাবাজদের যারা নির্বাচিত করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। জনগণ যদি পিআর’র পক্ষে ভোট না দেয়, জামায়াত সেই রায় মেনে নেবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও বাস্তবায়ন হয়নি। একটি দলকে খুশি করতে প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ করতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার জানান, দেশের মানুষ এখন জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় এবং সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে। পাশাপাশি তিনি জুলাই সনদকে আইনী ভিত্তি হিসেবে ব্যবহার করে আগামী নির্বাচনের পদ্ধতি নির্ধারণে গণভোটের দাবি জানান।
কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক এবং খুলনা-৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অন্যান্য উর্ধ্বতন নেতারা।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

