বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। ৩১ দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আশা জাগিয়ে তুলছি।”
শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯বম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “আপনারা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে কাইত করার জন্য, ঘায়েল করার জন্য।” তিনি আরও অভিযোগ করেন, “উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ বিভিন্ন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন। আমরা এটি শুনতে চাই না, বাংলাদেশের মানুষও চাই না। দেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা এবং নিরপেক্ষ নির্বাচন চায়।”
মহাসচিব আরও বলেন, “যারা আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছে তারা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারত সবসময় চেষ্টা করেছে কীভাবে আমাদের বিপদে ফেলা যায়। তারা পানির হিস্যা, তিস্তার হিস্যা ও ফারাক্কার ন্যায্য হিস্যা আমাদের দেয়নি।”
তিনি শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উল্লেখ করে বলেন, “বিশ্ববাসী যাকে সম্মান করে, তাকে আমরা দায়িত্ব দিয়েছি যাতে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়।”
স্মরণসভায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ও বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানসহ স্থানীয় নেতারা।

